পটুয়াখালীর বাউফলে সরকারি খাসজমিতে মহিষ চরাতে মহিষপ্রতি ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা মাঈনউদ্দিনের বিরুদ্ধে। টাকা না দিলে লালচর এলাকায় মহিষ চরাতে বাধা দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয় মহিষ পালনকারীরা।
স্থানীয়দের দাবি, চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লালচর এলাকার খাসজমিতে দীর্ঘদিন ধরেই মহিষ চরিয়ে আসছেন তারা। তবে সম্প্রতি সেখানে মহিষ চরাতে হলে প্রতিটি মহিষের জন্য ২০০ টাকা দিতে বলা হয়। এভাবে প্রায় ৪৭৮টি মহিষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ কয়েকজন পালনকারীর।
মহিষ পালনকারীদের অভিযোগ, চরাঞ্চলের খাসজমিতে ঘাস খাওয়ানোর ওপর নির্ভর করেই তারা দীর্ঘদিন ধরে মহিষ পালন করছেন। এখন এভাবে টাকা দিতে হলে বাড়বে খরচ, কমবে লাভ।
তবে চাঁদা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মাঈনউদ্দিন। তার দাবি, মাছ ধরার চাই ভেঙে যাওয়ার ঘটনায় সালিশের মাধ্যমে জরিমানা হিসেবে ওই টাকা নেওয়া হয়েছে। এমনকি নিজের মহিষের জন্যও তিনি জরিমানা দিয়েছেন বলে জানান।
তার ভাষ্য, স্থানীয় কয়েকজন ইউপি সদস্য ও বাসিন্দার উপস্থিতিতে সালিশের সিদ্ধান্ত অনুযায়ী তার কাছে টাকা রাখতে দেওয়া হয়েছিল।
এদিকে, সরকারি খাসজমিতে মহিষ চরানোর বিনিময়ে ব্যক্তিগতভাবে টাকা নেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট 






















