বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতি বছরের মতো এবারও ১৫ আগস্ট ‘ইসলামি শিক্ষা দিবস’ পালন করছে। দিবসটিকে ঘিরে বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে সংগঠনটির ঘোষিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ’, যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। বুধবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—‘শিক্ষা সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলন, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, শিক্ষা উপকরণ ও উপহার বিতরণ। এছাড়া ইসলামী শিক্ষা আন্দোলন ও আব্দুল মালেক, ইসলামী শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা এবং ইসলামী শিক্ষাব্যবস্থার রূপরেখা নিয়ে রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে।
এ সময় আরও থাকবে কুইজ প্রতিযোগিতা, বক্তব্য প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, জাতীয় পত্রিকা, বিভিন্ন ব্লগ ও সোশ্যাল মিডিয়ায় ইসলামী শিক্ষা দিবস ও আব্দুল মালেকের জীবনী নিয়ে লেখালেখি। পাশাপাশি শাখাপর্যায়ে ‘প্রেরণার বাতিঘর’ বইয়ের ওপর বইপাঠ প্রতিযোগিতা এবং অদম্য মেধাবীদের সংবর্ধনা দেওয়া হবে।
ছাত্রশিবিরের তথ্যমতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মালেক ১৯৬৯ সালে ইসলামী শিক্ষাব্যবস্থার পক্ষে আন্দোলন করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন এবং ১৫ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতিকে অমর রাখতে এবং ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরতে ছাত্রশিবির দিনটিকে ‘ইসলামি শিক্ষা দিবস’ হিসেবে পালন করে আসছে।

ডেস্ক রিপোর্ট 

























