হবিগঞ্জের লাখাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামে প্রেমিক রায়হান উদ্দিনের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন তিনি। শুক্রবার (১৪ আগস্ট) সকালেও তাকে সেখানে অবস্থান করতে দেখা যায়।
অনশনরত তরুণী একই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের বাসিন্দা। তার দাবি, প্রায় দুই বছর আগে মোবাইল ফোনে রায়হান উদ্দিনের সঙ্গে পরিচয় হয়। পরে নিয়মিত ফোনালাপের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সম্পর্ক ঘনিষ্ঠ হলে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।
তরুণীর অভিযোগ, রায়হান তাকে বিয়ে করে সংসার করার আশ্বাস দিয়ে ঢাকার চানখারপুল এলাকার একটি বাসায় নিয়ে যান। সেখানে তারা প্রায় এক সপ্তাহ অবস্থান করেন। পরে তাকে ঢাকার একটি সড়কে রেখে রায়হান চলে যান।
এরপর বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে চলে আসেন ওই তরুণী। বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি না দেওয়া পর্যন্ত বাড়ি ছাড়বেন না বলেও জানান তিনি।
মুড়িয়াউক ইউনিয়নের ইউপি সদস্য নুরে আলম বলেন, বৃহস্পতিবার দুপুরে তরুণী রায়হানের বাড়িতে এসে অনশনে বসেন। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও রায়হানের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় মীমাংসা সম্ভব হয়নি। বিষয়টি থানায় জানানো হয়েছে এবং তরুণীর পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
লাখাই থানার ওসি শরীফ আহমেদ জানান, স্থানীয় একজন শুক্রবার সকালে ফোন করে বিষয়টি জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 























