রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গত সপ্তাহের মতোই তীব্র গ্যাস সংকট অব্যাহত রয়েছে। সংকটের কোনো সমাধান না হওয়ায় শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকেই বিভিন্ন পাম্পে শত শত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
গ্যাসের চাপ কম থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশা ও রাইড শেয়ারিংয়ের গাড়িচালকেরা। পাম্প মালিকদের দাবি, পর্যাপ্ত চাপ না থাকায় বেশিরভাগ স্টেশনই বন্ধ রাখতে হচ্ছে। কিছু পাম্প চালু থাকলেও প্রয়োজনের তুলনায় গ্যাস সরবরাহ অনেক কম।
পাম্প কর্তৃপক্ষ জানায়, বিশেষ ব্যবস্থায় কোনো কোনো স্টেশন চালু করা গেলেও একটানা এক ঘণ্টার বেশি চালানো সম্ভব হচ্ছে না। ফলে গ্যাস নিতে আসা গাড়িগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পাম্পের বাইরে গাড়ির সারিও দীর্ঘ হচ্ছে।
এদিকে, সংকটের দ্রুত সমাধান নিয়ে এখনো কোনো আশ্বাস দিতে পারছেন না সংশ্লিষ্টরা। এতে একদিকে যেমন চালকদের সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে গ্যাসের অপেক্ষায় রাস্তায় অতিরিক্ত ভোগান্তি ও যানজটও তৈরি হচ্ছে।
চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও অনেক সময় গ্যাস না নিয়েই ফিরে যেতে হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

ডেস্ক রিপোর্ট 

























