ফেসবুকে রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে সমালোচকদের অশালীন ভাষায় গালিগালাজ ও তুলে আনার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী মোবাশ্বের আলম ভূঁইয়ার বিরুদ্ধে। একজন আইনপ্রণেতার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন মন্তব্যের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রাজনৈতিক পোস্ট দেন মোবাশ্বের আলম ভূঁইয়া। পোস্টটির নিচে সৌরভ হোসেন সরওয়ার নামে এক ব্যক্তি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্তব্য করেন।
ওই মন্তব্যের জবাবে এমপির অ্যাকাউন্ট থেকে অশালীন ভাষায় পাল্টা মন্তব্য করা হয়। একই পোস্টে আলাউদ্দিন নাহিদ নামে আরেক ব্যক্তি এমপিকে নিজের সম্মান ধরে রাখার পরামর্শ দেন। এর জবাবে তাকে ‘কানে আর গালে মারার’ হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এমপির অ্যাকাউন্ট থেকে করা এসব মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। বিষয়টি নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ না করে অবস্থান পুনর্ব্যক্ত করেন মোবাশ্বের আলম ভূঁইয়া।
তিনি বলেন, সৌরভ হোসেন সরওয়ারকে খোঁজা হচ্ছে এবং তাকে ধরে নিয়ে আসা হবে। স্ক্রিনশটটি এডিট করা নয় বলেও দাবি করেন তিনি। নিজের ব্যবহৃত ভাষার বিষয়ে প্রশ্ন করা হলে গালিগালাজের বিষয়টিও স্বীকার করেন এমপি।
এ সময় তিনি দাবি করেন, সংশ্লিষ্ট এলাকায় আওয়ামী লীগের লোকজনের এমন আচরণ তিনি মেনে নেবেন না। রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে অপমান করা হলে তিনি কঠোর অবস্থান নেবেন বলেও জানান।
তবে একজন সংসদ সদস্য ও জনপ্রতিনিধির ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে সাধারণ নাগরিকদের উদ্দেশে অশালীন ভাষা এবং শারীরিকভাবে আক্রমণের হুমকির অভিযোগকে ঘিরে প্রশ্ন উঠেছে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে। সচেতন নাগরিকদের অনেকে এটিকে জনপ্রতিনিধির আচরণ ও রাজনৈতিক শিষ্টাচারের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করছেন।

ডেস্ক রিপোর্ট 
























