বিগত সরকার দেশের সম্পদ লুটপাট করে অর্থনৈতিক সংকট তৈরি করেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, ‘বিধ্বস্ত একটি রাষ্ট্র গঠনের দায়িত্ব নিয়ে আমাদের এখন আবর্জনা পরিষ্কার করতে হচ্ছে।’
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টায় নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, দেশকে পরনির্ভরশীল হতে দেওয়া হবে না। নতুন করে দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার সচেষ্ট বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে।
তবে বিগত সরকারের রেখে যাওয়া মেগা প্রকল্পে সীমাহীন দুর্নীতির কারণে সেগুলোর বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন ফারজানা শারমিন পুতুল।
অনুষ্ঠানে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সদস্যসচিব শারফুল ইসলাম বুলবুলসহ স্থানীয় নেতারা।

ডেস্ক রিপোর্ট 






















