দেশের উন্নয়নযাত্রায় নারীদের অবদান অপরিহার্য উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাই তাদের বাদ দিয়ে অগ্রগতির চিন্তা করলে তা ভুল হবে। নারীদের দক্ষতা, নেতৃত্ব এবং ক্ষমতায়নকে আরও শক্তিশালী করে তোলার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিন দিনব্যাপী এ আয়োজনে শুক্রবার ছিল দ্বিতীয় দিন। সেনাপ্রধান পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন এবং অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা কামনা করেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আমরা অনেকে স্বশিক্ষিত হলেও সুশিক্ষিত হই না। শুধু ভালো ফলাফল কিংবা ডিগ্রি অর্জন করলেই হবে না; নৈতিকতা না থাকলে সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক অবদান রাখা সম্ভব হয় না। ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক ও প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাবসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।

ডেস্ক রিপোর্ট 

























