ছাত্রশিবিরের কার্যক্রমগুলো সবসময় ওপেনলি করার চেষ্টা করেছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেছেন তিনি।
শিবির সভাপতি বলেন, ৫ আগস্টের আগে শিবিরের রাজনীতি নিয়ে যে ‘সুপ্ত’ বা ‘গোপন’ থাকার বয়ান তৈরি করা হয়েছিল, তা ছিল মূলত একতরফা প্রচার। প্রকৃতপক্ষে শিবিরের সাংগঠনিক কাঠামো এবং কর্মসূচি সবসময়ই একটি নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে চলমান ছিল।
তিনি বলেন, ৫ আগস্টের আগে এবং পরে তাদের সাংগঠনিক পদ্ধতির মধ্যে কোনো মৌলিক পরিবর্তন হয়নি। বরং দীর্ঘ সময় ধরে অত্যন্ত প্রতিকূল পরিবেশেও আমরা আমাদের আদর্শিক কাজগুলো সাহসের সঙ্গে চালিয়ে গেছি। রাজনৈতিক পটপরিবর্তনের ফলে এখন কেবল কার্যক্রমের প্রচার বাড়ছে।
নুরুল ইসলাম সাদ্দাম জানান, আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে প্রতিটি জাতীয় দিবসে তারা রাজপথে সক্রিয় ছিলেন। ১৬ ডিসেম্বর বা ২৬ মার্চের মতো দিনগুলোতে সারা দেশে তাদের সরব উপস্থিতি এবং মিছিল ছিল। তবে তৎকালীন সময়ে মিডিয়াগুলো তাদের সংবাদ প্রচার করত না অথবা পুরোপুরি ব্ল্যাকআউট করে রাখত। ফলে জনমনে এই ধারণা তৈরি হয়েছিল যে শিবির হয়তো সক্রিয় নেই।
তিনি আরও বলেন, বর্তমানে মিডিয়াগুলোর ভূমিকাও অনেক ক্ষেত্রে সুবিধাবাদী মনে হচ্ছে। ৫ আগস্টের পর কিছু মিডিয়া সখ্যতা দেখালেও এখন আবার তারা সংবাদ প্রচারে অনীহা দেখাচ্ছে। এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক মহলের ইন্ধনে হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন শিবির সভাপতি।
তবে মিডিয়া ব্ল্যাকআউট থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম সবসময়ই দৃশ্যমান ছিল বলে দাবি করেন নুরুল ইসলাম সাদ্দাম।

ডেস্ক রিপোর্ট 


















