হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আবারও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেলবাহী বহু জাহাজ ইতোমধ্যে প্রণালি অতিক্রম করেছে। এদিকে দীর্ঘমেয়াদে কোনও টোল ছাড়াই হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রত্যাশার কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ইরান বলছে, প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজকে ফি দিতে হবে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হরমুজ প্রণালি দিয়ে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৫ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে চলতে শুরু করেছে। এর মধ্যে অনেকগুলোই তেলবাহী।’
ট্রাম্প আরও বলেন, এসব জাহাজ প্রণালির একটি জলপথ করিডোর ব্যবহার করছে এবং সেটিকে তিনি ‘সাউদার্ন হাইওয়ে’ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, ‘তারা সাউদার্ন হাইওয়ে দিয়ে চলাচল করছে। এটি পুরোপুরি নিরাপদ, সুরক্ষিত এবং নির্বিঘ্ন।’
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালি কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে প্রযুক্তিগত ও প্রশাসনিক বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
সংবাদমাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ইরানের সঙ্গে কি এমন কোনও সমঝোতা হয়েছে যে হরমুজ প্রণালি কেবল ৬০ দিনের জন্য টোলমুক্ত থাকবে, নাকি এটি দীর্ঘমেয়াদি ব্যবস্থা হবে?
জবাবে ভ্যান্স বলেন, ‘আমাদের প্রত্যাশা হলো, দীর্ঘমেয়াদে হরমুজ প্রণালি টোলমুক্তভাবে উন্মুক্ত থাকবে। প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে আমরা এ বিষয়গুলো নির্ধারণ করব।’
তবে এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোকে ‘পূর্ণ সেবার জন্য নির্ধারিত ফি’ দিতে হবে। ফলে হরমুজ প্রণালির ভবিষ্যৎ পরিচালনা এবং সেখানে জাহাজ চলাচলের শর্ত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থানের মধ্যে এখনও কিছু পার্থক্য রয়ে গেছে।

ডেস্ক রিপোর্ট 


















