আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নাশকতা রোধের লক্ষ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। ডিএমপির উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, তাদের দেখামাত্রই গ্রেপ্তারের নির্দেশনা জারি রয়েছে।
সূত্র জানায়, আওয়ামী লীগ নেতাকর্মীরা জনতার ছদ্মবেশে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার পরিকল্পনা করেছিল। গোয়েন্দারা আগেই এ তথ্য জেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ধানমন্ডি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট, বাড়ানো হয়েছে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি।
ফেসবুকে অপপ্রচার ও রাজপথে নামার আহ্বানকারীদের ডিএমপির সাইবার ইউনিট নজরদারিতে রেখেছে। তাদের ধরতে সিটিটিসি, ডিবি ও অন্যান্য ইউনিট যৌথভাবে অভিযান চালাচ্ছে।
শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে কয়েকজন সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় নেতাকর্মীদের বাধার মুখে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি ভিডিও কলে ধানমন্ডি ৩২ এর পরিস্থিতি দেখানোর সময় তার ফোনের স্ক্রিনে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি দেখা গেলে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ও আরও কয়েকজনকে উদ্ধার করে।
এদিন সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত অন্তত সাতজন শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্তার শিকার হন, যাদের মধ্যে এক দম্পতি ও তাদের তিন সন্তানও ছিলেন। পুলিশ তাদের নিরাপদে সরিয়ে নেয়। একইভাবে আরও কয়েকজনকে ফিরিয়ে দেওয়া হয়।
এই ঘটনাগুলো ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

