আগামি ১৮ সেপ্টেম্বর দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দিল্লী ও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ২১ জন নেতা এতে অংশ নেবেন। কেন্দ্রীয় কমিটির বাইরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল এতে উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারতে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আলোচনায় নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই।’
২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সংগঠনটির কার্যনির্বাহী কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে শেখ হাসিনা প্রথমবারের মতো একসঙ্গে বসতে যাচ্ছেন। এ ছাড়া প্রায় নিয়মিত তাদের সঙ্গে শেখ হাসিনার ভার্চ্যুয়ালি সভা হচ্ছে। ইউরোপে অবস্থান করা দলের একজন সাংগঠনিক সম্পাদক বলেছেন, ‘যারা ভারতে অবস্থান করছেন তাদেরকে ডাকা হয়েছে। দিল্লীতে ওইদিন মূলত সাংগঠনিক অবস্থার চিত্র এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নেতৃবৃন্দের মতামত ও পরামর্শ সরাসরি শুনবেন সাবেক প্রধানমন্ত্রী।’
সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ‘নেত্রী অনেককে ডেকেছেন। বিস্তারিত কিছু বলা হয়নি।’ এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী। যাদের অনেকে দেশে, অনেকে বিদেশে। আত্মগোপনে থেকে নানাভাবে সক্রিয় নেতাকর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার অপেক্ষায় আছেন। কারাবন্দী অনেকে জামিনে ছাড়া পাচ্ছেন। তবে এর মধ্যেই পুলিশের গ্রেপ্তার অভিযানও চলছে।
অন্যদিকে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে নিয়মিত নতুন কমিটি দেয়া হচ্ছে। এতে ৫ আগস্টের পর সক্রিয় ও নির্যাতিতদের মূল্যায়ন করা হচ্ছে। বাদ যাচ্ছেন নীরব থাকা অনেকে।

ডেস্ক রিপোর্ট 





















