ফ্যাসিস্ট শক্তি দেশের ইতিহাস ও ভূগোল বদলে দিতে চেয়েছিল, কিন্তু মানুষের ভেতরের শক্তিকে চিনতে ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে আছে, তারা সেখান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা প্রচার চালাচ্ছে। একমুখী দেশ গড়ার ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। আবারও হত্যা, রক্ত ও আগুনের মধ্য দিয়ে প্রত্যাবর্তন করতে চাইছে। তবে জনগণের সম্মিলিত শক্তিকে কখনোই তারা বানচাল করতে পারবে না।
বিগত কয়েক দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তাণ্ডব ও হত্যাকাণ্ডের অভিযোগ তুলে তিনি বলেন, গুমের প্রবণতা তাদের রাজনৈতিক চরিত্রের অংশ। বিএনপি ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগ নেতারা বিএনপি নেতাকে গুম করেছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় পরিস্থিতি সামাল দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, সরকার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবিলা করছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। আইনের মাধ্যমেই অপরাধীদের দমন করতে হবে।
তিনি আরও বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে অপরাধীদের বিচারের আওতায় আনা জরুরি।

