জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে কঠোর সমালোচনা করেছেন বিএনপির নেতা ফজলুর রহমান। যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ধর্মের আধ্যাত্মিক দিক না থাকলে সেটা ধর্ম হয় না। জামায়াতের আমিরকে দেখতে আমার দাদার মতো, কিন্তু বয়সে আমার চেয়ে ছোট। আগে ছিলেন জাসদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী—ধর্ম মানতেন না। এখন হয়ে গেছেন জামায়াতের আমির, আসমান থেকে নেমে আসা ধর্মের খাদেম!”
তিনি দাবি করেন, ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন সুফি সাধকরা, এবং তিনি সেই ধারার অনুসারী। “জামায়াত তো ওহাবী। এরা নবীকে বড় ভাই বলে। জামায়াত ইসলাম ধর্মের বিরোধী ধারার অনুসারী,” বলেন ফজলুর রহমান।
বিএনপির এই নেতা আরও বলেন, “মারফাত, তরিকত ছাড়া ইসলাম হয় না। জামায়াত এসব মানে না। শরীয়তের সঙ্গে আধ্যাত্মিকতা না মানলে বিশ্বাস পূর্ণ হয় কীভাবে? নবী মুহাম্মদ (সা.) বোরাকে গিয়েছিলেন—এটা মানতেই হবে। তিনি শেষ নবী—এটা মানতেই হবে।”
তিনি মন্তব্য করেন, “জামায়াতের ইসলাম হলো সূরা নুরুল ইসলাম; আর আমার ইসলাম হলো হযরত মুহাম্মদ (সা.)-এর ইসলাম।”

