বগুড়ার শেরপুরের রামনগর গ্রামে গাছ কেটে পাখির বাসা, ডিম ও ছানা নষ্ট করার অভিযোগে আজাহার আলী নামে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রামনগর গ্রামে আজাহার আলীর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দেয়াল টপকে পাশের জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, নিজের জমিতে থাকা সাতটি জলপাই ও পীতরাজগাছ কেটে ফেলেন আজাহার আলী। এসব গাছে পরিযায়ী শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখি বাসা বেঁধেছিল।
গাছ কাটার সময় বাসাগুলো মাটিতে পড়ে যায়। এতে বেশ কিছু পাখির ডিম নষ্ট হওয়ার পাশাপাশি ছানাও মারা যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর বন বিভাগের শেরপুর রেঞ্জের কর্মকর্তা মো. সালাহ উদ্দিন পারভেজ বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন। মামলায় আজাহার আলীকে একমাত্র আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, মামলা হওয়ার পর তদন্তে গাছ কেটে পাখির বাসা ও ডিম নষ্ট করার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামতও সংগ্রহ করা হয়েছে।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় বলেন, রামনগর গ্রামের বিভিন্ন গাছে নিয়মিত পরিযায়ী শামুকখোলসহ নানা প্রজাতির পাখি বাসা বাঁধে। এ কারণে এলাকাটি স্থানীয়ভাবে ‘পাখি কলোনি’ নামে পরিচিত।
তার দাবি, গত ৮ আগস্ট গাছ কাটার সময় একাধিক পাখির বাসা মাটিতে পড়ে যায়। এতে অনেক ডিম নষ্ট হওয়ার পাশাপাশি বেশ কিছু ছানাও মারা যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ডেস্ক রিপোর্ট 






















