কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৪৪ জন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে আটক করেছে। এর মধ্যে নগরের টমছমব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে মিছিলের প্রস্তুতিকালে ২৯ জনকে আটক করা হয়।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। পুলিশের বরাতে জানা গেছে, শনিবার রাতভর জেলার বিভিন্ন উপজেলায় আরও ১৫ জনকে আটক করা হয়েছিল।
পুলিশ জানায়, জুলাইয়ের অভ্যুত্থান দমন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহারের ছবি-সংবলিত ব্যানার হাতে ভোরে টমছমব্রিজ এলাকায় ঝটিকা মিছিল করার চেষ্টা করছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, রোববার ভোর ৬টার দিকে টমছমব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ধাওয়া দিয়ে ২৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ব্যানার ও লাঠি জব্দ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 



















