এবার ময়মনসিংহের ভালুকায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এএনএম আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
এএনএম আয়াস জানান, রোববার দুপুরের দিকে ভালুকার একটি সড়কে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টাও করা হয়।
রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় নেতা শাহ আল বাদশা জানান, অতর্কিত হামলার পর আয়াস বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে ফোনের মাধ্যমে এএনএম আয়াস নিখোঁজ হওয়ার খবর পেয়ে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়।
ওসি আরও জানান, রোববার সন্ধ্যায় আয়াস নিজেই থানায় এসে মৌখিক অভিযোগ করেন। পরে তিনি একাই থানা থেকে বেরিয়ে যান।

ডেস্ক রিপোর্ট 






















