আর মাত্র একদিন পরই ঘোষণা করা হবে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড। সেলেসাও ভক্তদের মনে যখন ‘নেইমার কি স্কোয়াডে থাকবেন?’—এই প্রশ্ন উঁকিঝুঁকি মারছিল, ঠিক তখনই নেইমারকে নিয়ে নিজের নীরবতা ভাঙলেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারের ফিটনেস ও মাঠের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, সেলেসাওদের চূড়ান্ত ২৬ সদস্যের দলে বড় চমক হিসেবে থাকতে পারেন এই পোস্টার বয়।
ফুটবলপ্রেমী ও সংবাদমাধ্যমে নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন যে দলের ভেতরকার পরিবেশ একদম ভিন্ন। তিনি বলেন, ‘আমি খুব ভালো করেই জানি নেইমার শুধু সাধারণ মানুষের কাছেই নয়, দলের খেলোয়াড়দের কাছেও ভীষণ জনপ্রিয়। দলের পরিবেশের ওপর তার কী প্রভাব পড়বে, সেটাও আমাদের বিবেচনায় রাখতে হচ্ছে। নেইমারকে দলে রাখলে ড্রেসিংরুম কোনোভাবে অশান্ত হবে না। সে সবার খুব প্রিয়।’
নেইমারকে দলে নেয়ার জন্য সিবিএফ বা কোনো মহল থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে নিজের পূর্ণ স্বাধীনতার কথা জানান এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আনচেলত্তি বলেন, ‘নেইমারকে দলে নেয়ার জন্য আমাকে কেউ চাপ দেয়নি। এই সিদ্ধান্ত নেয়ার পূর্ণ স্বাধীনতা আমার আছে। সিদ্ধান্তটি ১০০ ভাগ পেশাদারি হবে। একজন ফুটবলার হিসেবে সে মাঠে কেমন পারফর্ম করছে, কেবল সেটাই আমি বিবেচনায় নেব, অন্য কিছু নয়।’
এদিকে ব্রাজিলিয়ান প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইউওএল’-এর একটি প্রতিবেদন ফুটবল বিশ্বে নতুন করে আলোড়ন তৈরি করেছে। নেইমারের শৈশবের ক্লাব সান্তোসের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ‘সান্তোস ইতোমধ্যেই নিশ্চিত তথ্য পেয়েছে যে, সোমবার আনচেলত্তির ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে থাকছে নেইমারের নাম।’
তাছাড়া তরুণ ফরোয়ার্ড এসতেভাও উইলিয়ানের ইনজুরির পর আক্রমণভাগে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে নেইমারের চেয়ে অভিজ্ঞ ও কার্যকরী নাম এই মুহূর্তে ব্রাজিলে নেই। আনচেলত্তি যদি নেইমারের অভিজ্ঞতাকে মাঠে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তবে হেক্সা মিশনের খোঁজে থাকা ব্রাজিলের জন্য তা হবে সবচেয়ে বড় স্বস্তি। আগামীকাল সোমবারই মিলবে সব প্রশ্নের চূড়ান্ত উত্তর, যখন আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি।

ডেস্ক রিপোর্ট 


















