নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে শিবির ও যুবদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার স্থানীয় মসজিদে কুরআন তালিমের আয়োজনকে কেন্দ্র করে শিবির ও যুবদলের মধ্যে বাগবিতণ্ডার জেরেই এ সংঘর্ষ ঘটে বলে জানা গেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মোহাম্মদ ইব্রাহিম বলেন, বিকালে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

