সংস্কার বাস্তবায়ন করতে না পারলে এই ইস্যুতে বিএনপির পতন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.) এর মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের ৭৫ ভাগ লোক সংস্কারের জন্য গণভোট দিয়েছে। সরকার সেদিকে না হেঁটে সংশোধনের পথে হাঁটছে। এই সংশোধন না করে সংস্কার বাস্তবায়ন করতে হবে। বিএনপি যদি সংস্কার বাস্তবায়ন করতে না পারে তাহলে দেশ আরেকটা ফ্যাসিবাদি কাঠামোর মধ্যে থেকে যাবে। বিএনপির সংস্কার ইস্যুতেই পতন হবে যদি সংস্কার না করতে পারে।
আওয়ামী লীগের মতো বিএনপি একই পথে হাঁটছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের গুণ্ডাবাহিনীকে জামিন করিয়ে বিচারের মুখোমুখি যাতে আর না করাতে পারে, তারা সে কাজ করছে। আওয়ামী লীগের ব্যাপারে কোনো ছাড় নয়, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার ভাইদের যারা খুন করেছে তাদের বিচার করতে হবে। ঠিক আওয়ামী লীগের মতোই একই পথে হাঁটছে বিএনপি। গোপালগঞ্জ-ভিত্তিক যে উন্নয়ন হতো, এখন সেই মডেলে, সেই ধারাবাহিকতায় শিবগঞ্জের বগুড়ায় একই কাজ করছে তারা। ব্যাংক খাতে অদক্ষ লোক নিয়োগ করে অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলছে।
এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, বাগেরহাট স্বাস্থ্য-শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। এনসিপি ক্ষমতায় এলে এগুলো করা হবে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করে জীবন-জীবিকা ও তাদের ভাগ্যের পরিবর্তন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আগামীতে এনসিপি ক্ষমতায় আসলে বাগেরহাটে খানজাহান আলী (রহ.) বিদ্যালয় করা হবে। স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে সমৃদ্ধ বাগেরহাট গড়ে তোলা হবে।
বাগেরহাটে চিংড়ির উৎপাদনের একটি সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এক ধরনের মাফিয়া চক্র এই চিংড়ি রপ্তানিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এর কারণে দেশ অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সিন্ডিকেটের পতন ঘটিয়ে সত্যিকারের চাষিদের জীবন-মানকে উন্নত করা হবে।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অন্যদের মধ্যে এনসিপির বাগেরহাট জেলা সভাপতি সৈয়দ মনোয়ার মোর্শেদ সোহেলসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাগেরহাট সফরকালে ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের আগে শুক্রবার ঘোড়ার দিঘির দক্ষিণ পাড়ে একটি আমলকি ও একটি নিম গাছ রোপণ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

ডেস্ক রিপোর্ট 


















