নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর আন্দোলনকে “পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা” আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২০ অক্টোবর) দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন,
“দায়িত্বশীল অবস্থান থেকে নাহিদ ইসলামের এমন মন্তব্য অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।”
এর আগে বিকেলে ফেসবুকে এক পোস্টে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেছিলেন,
“জামায়াতে ইসলামীর তথাকথিত পিআর আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই ছিল না। জনগণের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে জাতীয় সংলাপ ও ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিতে এই আন্দোলন করা হয়েছিল।”
তিনি আরও বলেন,
“জামায়াত ও তার মিত্ররা সংস্কার এজেন্ডা হাইজ্যাক করে এটিকে শুধু পিআর ইস্যুতে সীমাবদ্ধ করে ফেলে। এটি সংস্কারের আন্দোলন নয়, বরং দলীয় স্বার্থে দরকষাকষির কৌশল ছিল।”
নাহিদ অভিযোগ করেন,
“জামায়াত কখনোই প্রকৃত সংস্কার আলোচনায় অংশ নেয়নি, কোনো বাস্তব প্রস্তাবও দেয়নি। ঐকমত্য কমিশনের প্রতি তাদের হঠাৎ সমর্থন ছিল কৌশলগত অনুপ্রবেশ—সংস্কারবাদের ছদ্মবেশে রাজনৈতিক নাশকতা।”
তিনি শেষ পর্যন্ত বলেন,
“বাংলাদেশের জনগণ এখন এই প্রতারণা বুঝে গেছে। তারা আর কোনো মিথ্যা সংস্কারবাদী বা সুবিধাবাদীদের দ্বারা প্রতারিত হবে না। আল্লাহ এবং দেশের সার্বভৌম জনগণ কেউই আর নৈতিকভাবে দেউলিয়া শক্তির শাসন মেনে নেবে না।”

