জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আগুন সন্ত্রাস আওয়ামী লীগের পুরাতন খেলা। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার হিন্দুস্তানি আওয়ামী নীলনকশা রুখে দিতে হবে।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভারতীয় প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর আগে পাঁচটি বিষয় বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করতে হবে—
১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি,
২. নভেম্বরে গণভোট আয়োজন,
৩. শেখ হাসিনার বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করা,
৪. আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা,
৫. প্রশাসনকে দলীয়করণমুক্ত করা।

রাশেদ প্রধান অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার এখনো প্রশাসনকে হিন্দুস্তানি আওয়ামী দোসরমুক্ত করতে পারেনি; বরং নতুনভাবে বিএনপিপন্থী কর্মকর্তাদের নিয়োগ দিচ্ছে। পুরোনো আওয়ামী ও নতুন বিএনপি প্রশাসন দিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে “জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে” আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে শুরু হয়ে জাগপার বিক্ষোভ মিছিল পল্টন ও বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এস. এম. জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।