ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৭৫৭ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগনের যুদ্ধকালীন হতাহতের তথ্যভান্ডার। চলতি সপ্তাহে নতুন করে ৫০ জনেরও বেশি আহত সেনাসদস্যের তথ্য যুক্ত করার পর মোট সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম (ডিসিএএস)-এর তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনাসদস্য নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫৮০ জনের বেশি সেনাবাহিনীর সদস্য। এছাড়া ৮৬ জন নৌসেনা, ৬৪ জন বিমানবাহিনীর সদস্য এবং ১৯ জন মেরিন আহত হয়েছেন।
ইরান যুদ্ধের হতাহতের হিসাব প্রকাশ নিয়ে এর আগেও পেন্টাগন সমালোচনার মুখে পড়ে। জুলাইয়ের শেষ দিকে প্রতিরক্ষা বিভাগ “ওভারসিজ অপারেশনস” নামে একটি নতুন শ্রেণি তৈরি করে। এর মাধ্যমে ৭ জুলাইয়ের পরের হতাহতদের “অপারেশন এপিক ফিউরি”-এর হিসাব থেকে আলাদা করে দেখানো শুরু হয়। এর ফলে যুদ্ধের প্রকৃত হতাহতের সংখ্যা নিয়ে প্রশ্ন ওঠে। পরে দুটি শ্রেণির হিসাব একত্র করলে আহতের সংখ্যা ৭৫০ ছাড়িয়ে যায়।
পেন্টাগন ও মার্কিন সেন্ট্রাল কমান্ড আহত সেনাদের বিষয়ে বিস্তারিত তথ্য খুব সীমিতভাবে প্রকাশ করেছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের বড় একটি অংশ মাথায় গুরুতর আঘাতজনিত সমস্যায় ভুগছেন।
এদিকে ইরান যুদ্ধের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছেন। ফলে সামরিক সংঘাতের পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সংঘাতও আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















