প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আভাস পাওয়া গেছে। নতুন করে কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করার পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ জাতীয় পার্টির—বিজেপি চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ নতুন মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, সম্ভাব্য নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এদিকে, বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ জানিয়েছেন, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আন্দালিব রহমান পার্থকে ফোন করা হয়েছে। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
বর্তমানে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে রয়েছেন জহির উদ্দিন স্বপন। মন্ত্রিসভায় রদবদল হলে তাকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আলোচনা রয়েছে।
অন্যদিকে, ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার বিষয়ে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, বিষয়টি নিয়ে তারাও নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। আর সাচিং প্রু জেরী জানিয়েছেন, তাকে ফোন করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার শপথের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীসহ মোট ৫০ সদস্য নিয়ে বর্তমান সরকার গঠিত হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

ডেস্ক রিপোর্ট 






















