জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেছেন, জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের আগের রাত ও সেই দিন সকাল পর্যন্তও জামায়াতে ইসলামি জানিয়েছিল তারা অনুষ্ঠানে অংশ নেবে, কিন্তু স্বাক্ষর করবে না। তারা ‘পিআর ছাড়া’ স্বাক্ষর করতে চায়নি। এমন আচরণ তাকে মনে করিয়ে দিয়েছে সাবেক রাষ্ট্রপতি এরশাদের কথাবার্তা—যিনি ২০১৪ সালে সকাল-বিকেল নিজের সিদ্ধান্ত বদলাতেন।
সম্প্রতি সময় টেলিভিশনের এক টকশোতে এসব মন্তব্য করেন হান্নান মাসউদ। তিনি বলেন, জামায়াতের বর্তমান অবস্থানেও কথার সঙ্গে কাজের কোনো সামঞ্জস্য নেই।
তিনি আরও জানান, স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি জামায়াতের ওপর ভরসা রাখেনি, কারণ তাদের দাবির সঙ্গে এনসিপির দাবির মিল ছিল না, শুধু আইনি ভিত্তি সংক্রান্ত বিষয়ে সামান্য মিল ছিল। হান্নান মাসউদের ভাষায়, “আমরা কোনো গোপন আদেশ চাই না, আমরা চাই প্রধান উপদেষ্টার কাছ থেকে সরাসরি আদেশ।”
তিনি আরও বলেন, “১০৬ ধারা অনুযায়ী তারা জনগণের অভিপ্রায়ে রাষ্ট্রপ্রধানের কাছে নির্দেশ চাইছে, কিন্তু আমরা সেই পদ্ধতি মেনে নিতে পারি না। জুলাই আন্দোলনও ছিল এই গোপন নির্দেশের বিরুদ্ধেই।”
হান্নান মাসউদ অভিযোগ করেন, বিএনপির পক্ষ থেকে আগের দিন সরকারের ক্ষমতায় থাকার বিষয়ে কিছু নির্দেশনা এসেছিল, যা পরে বাস্তবায়িত হয়নি। তাই এই প্রক্রিয়ার ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না বলে তিনি মন্তব্য করেন।
তিনি জোর দিয়ে বলেন, “জামায়াতের পদক্ষেপে স্বচ্ছতা ও রাজনৈতিক দায়বদ্ধতা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।”

