জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘জামায়াত রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না।’ তিনি বলেন, তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থি।
মঙ্গলবার সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন,
“তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে—এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না।”
তিনি বলেন, “আমরা ন্যায়, মানবতা ও সংহতির বাংলাদেশে বিশ্বাস করি। এখানে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের অধিকার আছে, তবে এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের ঢাল হতে পারে না। প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লেখেন,
“বাংলাদেশের কওমী, সুন্নি, হিন্দু, তরুণ ও প্রগতিশীল সব শ্রেণির মানুষ আজ এক বন্ধনে যুক্ত—শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার বন্ধনে। যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে, যে আকাশে মুক্তিযুদ্ধের আহ্বান ধ্বনিত হয়েছিল, সেখানে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না।”
তিনি বলেন,
“আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয়, সুরক্ষা—বাংলাদেশের মানচিত্র, ইসলাম ও আলেম-উলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব।”
শেষে তিনি যোগ করেন,
“তবু আমরা ঘৃণার নয়, মানবতার রাজনীতি চাই। যারা বিভ্রান্ত পথে গেছে, তাদের জন্য আমরা দরজা খোলা রাখি যেন তারা ফিরে আসে গণতন্ত্র, ন্যায় ও মুক্তচিন্তার বাংলাদেশে। এই দেশ কারও শত্রুতা নয়—এই দেশ সহাবস্থানের, পারস্পরিক শ্রদ্ধার এবং এক নতুন ভবিষ্যতের আহ্বান।”

