প্রথম আলো কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি আনোয়ার হোসেনের (৩৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
আনোয়ার হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির একজন সংগঠক। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপপরিদর্শক (এসআই) শাহ মিনহাজ উদ্দিন তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের জবানবন্দি, ভিডিও ফুটেজ এবং তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনায় প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
আবেদনে আরও বলা হয়, হামলার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট ছড়িয়ে দেওয়া হয়। এর জেরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩৫০ থেকে ৪৫০ জন ঘটনাস্থলে জড়ো হয়। পরে তারা কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ের গেট, শাটার ও কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়।
রিমান্ড শুনানিতে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, হামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের শনাক্ত করা, অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় জানতে আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
শুনানি শেষে আদালত পাঁচ দিনের পরিবর্তে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আদেশের পর তদন্ত কর্মকর্তা শাহ মিনহাজ উদ্দিন বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় এখন পর্যন্ত ৩৯ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ১৯ জন জামিন পেয়েছেন। মামলায় আগামী ৯ জুলাই আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য রয়েছে।

ডেস্ক রিপোর্ট 

























