এবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সময়ে হঠাৎ দেশে বাড়ানো জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি বৃদ্ধি এবং জ্বালানি সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্ব বাড়ছে। সব মিলিয়ে দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। এমন সময়ে নতুন সরকার সংকট মোকাবিলায় দেশের মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে দায়িত্ব গ্রহণের সাত মাসের মাথায় দুই দফা জ্বালানির মূল্য বাড়িয়েছে।

এতে যাতায়াত, যোগাযোগ, পণ্য ও যাত্রী পরিবহনসহ শিল্প উৎপাদনে ভাড়া ও পণ্যের দাম বাড়ার চাপ তৈরি হচ্ছে। এছাড়া বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী। তাই এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে এসে জরুরি ভিত্তিতে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের মূল্য বহাল রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার জনস্বার্থে কোথাও ব্যবসা করবে, আবার কোথাও ভর্তুকি দেবে; এটাই বাস্তবতা। দেশের চরম আর্থিক সংকটের এ সময়ে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে অর্থনীতি সচল রাখা এবং মূল্যস্ফীতি কমানোর মাধ্যমে সংকটাপন্ন মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব।