চট্টগ্রামের হাটহাজারীতে থানার ভেতর ছবি তোলাকে কেন্দ্র করে মো. রায়হান (২৬) নামে ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে হাটহাজারী মডেল থানায় এ ঘটনা ঘটে।

আটক রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি এবং হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডের ফটিকা গ্রামের হাদী চৌধুরী বাড়ির মো. আবুল কালামের ছেলে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, “পৌরসভার আলীপুর এলাকায় স্কুলছাত্র তানভির হত্যা মামলার আসামিদের আদালতে নেওয়া হচ্ছিল। সেই সময় রায়হান ছবি ও ভিডিও ধারণ করছিলেন। পুলিশ তাকে নিষেধ করলে তিনি চড়াও হন এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের কাজে বাধা দেন।”

এ বিষয়ে হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামী’র ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী বলেন, “রায়হান একসময় কলেজ শাখা শিবিরের সভাপতি ছিলেন, বর্তমানে তিনি জামায়াতের কোনো পদে নেই।”