বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে পুলিশ ও প্রশাসনে নিজেদের মতো করে ভাগ-বাটোয়ারা শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও এসব দলে সহায়তা করা হচ্ছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত, তারা প্রশাসন, এসপি-ডিসি পদগুলো নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করছে। নির্বাচনের জন্য তালিকা তৈরি করে সরকারকে দিচ্ছে, আর উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোর সহায়তা করা হচ্ছে।”

এনসিপি আহ্বায়ক আরও বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় নির্বাচন কমিশনের কার্যক্রমের স্বচ্ছতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
“সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, কোনো কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে,” অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, জুলাই সনদ নিয়ে এনসিপি এখনো সিদ্ধান্ত নেয়নি। “জুলাই সনদ কেবল কাগুজে ঘোষণা হয়ে থাকলে এর কোনো মূল্য নেই। এটি বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই আমরা স্বাক্ষর করব,” বলেন নাহিদ ইসলাম।