বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুলের হস্তক্ষেপে বিভেদের অবসান ঘটিয়ে এক হয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। গত দুই দিন ধরে তারা একসঙ্গে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন। এতে দুই নেতার অনুসারী মহানগর বিএনপির বর্তমান কমিটি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশ নিচ্ছেন। ফলে দীর্ঘদিনের দ্বন্দ্বে ক্লান্ত নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

এদিকে, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু পৃথকভাবে নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। তাঁর পক্ষে কাজ করছেন মহানগর বিএনপির বিগত কমিটির নেতাকর্মীরা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মঞ্জুর প্রার্থিতার পক্ষে ব্যাপক প্রচারণা।

দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকেই খুলনা-২ আসনে মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। অন্যদিকে, সভাপতি শফিকুল আলম মনার কেসিসির মেয়র পদে প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছিল। তবে গত মাসে খুলনা-২ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগ শুরু করেন তুহিন। ৯ অক্টোবর থেকে একই আসনে প্রচার শুরু করেন মনা। এতে মহানগর বিএনপি ও ওয়ার্ড পর্যায়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে নেতাকর্মীরা।

১৫ অক্টোবর খুলনায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সেদিন রাতে দলীয় কার্যালয়ে নগর বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে ভোর পর্যন্ত জরুরি বৈঠক করেন তিনি। বৈঠকে ব্যক্তিকেন্দ্রিক প্রচার ও গ্রুপিং বন্ধ করে কেবল তারেক রহমানের ৩১ দফা ও ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণার নির্দেশ দেন। ওই দিন থেকেই মনা ও তুহিনের পৃথক প্রচার বন্ধ হয়ে যায়।

এরপর গত দুদিন ধরে দুই নেতা একসঙ্গে প্রচারণায় নেমেছেন। এতে মহানগর বিএনপির অভ্যন্তরে ঐক্যের বার্তা পৌঁছেছে তৃণমূলে।

রকিবুল ইসলাম বকুল বলেন, “দল এখনও মনোনয়ন চূড়ান্ত করেনি। তাই কেউ যেন ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা চালিয়ে বিভেদ না সৃষ্টি করে, সে নির্দেশ দেওয়া হয়েছে। এখন সবাই একসঙ্গে ধানের শীষের পক্ষে কাজ করছে।”

শফিকুল আলম তুহিন বলেন, “ধানের শীষের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালাচ্ছি। মহানগর বিএনপি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সংহত।”

অন্যদিকে সভাপতি শফিকুল আলম মনা বলেন, “আমরা একসঙ্গে গণসংযোগ করছি। যারা গত কয়েক বছর রাজপথে ছিলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদেরই মনোনয়ন দেওয়ার আহ্বান জানাই দলের প্রতি।”