নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দাউদার মাহমুদ বলেছেন, “পুলিশের হাতে মার খেয়েছি, ১৫ মামলা খেয়েছি, তবুও দল ছাড়িনি।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সিংড়া কোর্ট মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত কর্মশালা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দাউদার মাহমুদ বলেন, “আমাদের অনেক মা-বোনের কাছে তারেক রহমানের ৩১ দফা এখনো পৌঁছায়নি। সেজন্যই আজকের এই সমাবেশ। যেদিন থেকে মানুষ এই ৩১ দফা বুঝেছে, সেদিন থেকেই এটি সাধারণ মানুষের দাবিতে পরিণত হয়েছে। ৩১ দফা আজ আশার প্রতীক, আগামী বাংলাদেশের স্বপ্ন।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে আছি। দলের একটি কর্মসূচিও ফাঁকি দেইনি। তারেক রহমানের লিফলেট বিতরণ করতে গিয়ে পুলিশের হাতে মার খেয়েছি, মামলা খেয়েছি। তবুও রাজপথ ছাড়িনি, দল ছাড়িনি, কারও সঙ্গে আপস করিনি। চাইলে আরাম-আয়েশে থাকতে পারতাম, কিন্তু দল ও সততার সঙ্গে বেঈমানি করিনি।”

দাউদার মাহমুদ অভিযোগ করে বলেন, “বিএনপির গ্রিন সিগন্যাল আসার পর থেকেই সিংড়ায় আওয়ামী লীগের নেতারা ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট দিচ্ছেন, উপজেলা আওয়ামী লীগ অফিসের তালাও খুলেছে। তাই আগামীতে ধানের শীষ যার হাতে তুলে দেবেন, তা ভেবে দেখা উচিত।”

সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল নেছা পুতুল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা মহিলা দলের নেত্রী রোজিনা আক্তার শিল্পী, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।