খুলনায় বায়তুন নূর শপিং কমপ্লেক্স-এ ভয়াবহ অগ্নিকাণ্ড দোকান পুড়ে ছাই
খুলনা মহানগরীর ব্যস্ত নিউমার্কেট এলাকায় অবস্থিত বায়তুন নূর শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সোয়া ১১টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা সদর স্টেশন সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকলকর্মীরা দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী লামিয়া লাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন, নিউমার্কেটের মোবাইলের দোকানগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, মুহূর্তেই পুরো মার্কেট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই দোকানের মালামাল রক্ষায় চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন তারা।

