কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতারা শিগগিরই এক বিশেষ ‘চা চক্রে’ মিলিত হচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ বৈঠকে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ‘ছোট মনির’ একান্ত আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে কলকাতার নিউটাউনে অবস্থানরত মনির জানিয়েছেন, সেখানে তারা একটি “গুরুত্বপূর্ণ আলোচনা সভা” আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। তার ভাষায়, “ওবায়দুল কাদের ভাইয়ের নেতৃত্বে অনুষ্ঠিত এ চা চক্র থেকেই নির্ধারিত হবে নিউটাউন থেকে আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপ।”
আত্মবিশ্বাসী ভঙ্গিতে সাবেক এ এমপি আরও বলেন, “শিগগির আমরা ফিরব।” তিনি দাবি করেন, “ভারতের দয়ায় আমরা দেশে অনেক কিছু গড়েছিলাম, কিন্তু ইউনূস সব শেষ করে দিলেন।” এ সময় তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দেশের অগ্রগতি ব্যাহত করার অভিযোগ তোলেন।
মনির জানান, তিনি বর্তমানে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকলেও নেত্রীর নির্দেশ পেলেই বড় কোনো রাজনৈতিক পদক্ষেপ নিতে প্রস্তুত। ওবায়দুল কাদেরের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক নাশকতার ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে কি না—এ প্রশ্নের জবাবে মনির সতর্ক অবস্থান নেন। তবে তিনি বলেন, “হাসিনা না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের এই ‘চা চক্র’ কেবল বন্ধুসুলভ বৈঠক নয়—বরং এটি হতে পারে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের গোপন মঞ্চ। বিশেষত, যখন দেশে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন ইস্যুতে রাজনৈতিক অচলাবস্থা তীব্র, তখন সীমান্তের ওপার থেকে দেওয়া ‘ফেরার ইঙ্গিত’ নতুন করে উদ্বেগের জন্ম দিচ্ছে।
বাংলাদেশের রাজনীতির অচলাবস্থার এই প্রেক্ষাপটে, নিউটাউনের ‘চা চক্র’ কি তবে দূরনিয়ন্ত্রিত কোনো বড় রাজনৈতিক খেলার পূর্বাভাস? — এখন সেটিই আলোচনার কেন্দ্রবিন্দু।

ডেস্ক রিপোর্ট 






















