সিরাজগঞ্জ পৌরসভার ভাঙ্গাবাড়ী ও দিয়ারধানগড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে ও রাতে উভয় পক্ষের মধ্যে হওয়া সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে বিরোধ চলছে। এর জেরে শুক্রবার বিকেলে দুই মহল্লার কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন শনিবার এবং রোববার দুপুরে থানা মোড়, পাসপোর্ট অফিস ও পোস্ট অফিসের সামনের সড়ক এলাকায় দুই পক্ষ আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক পর্যায়ে সংঘর্ষ থামলে পুনরায় যানচলাচল স্বাভাবিক হয়। আহতদের সিরাজগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত তিন দিন ধরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। রোববার দুপুরে সংঘর্ষ শুরু হলে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।

ডেস্ক রিপোর্ট 






















