অভিনয়কে বিদায় জানিয়ে রাজনীতিতে মনোযোগ দিচ্ছেন তামিল সুপারস্টার ও বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। আর তার বিদায়ী সিনেমা ‘জন নায়গন’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে তুলেছে ঝড়। শুধু আয় নয়, ছবির বিশাল বাজেট আর শিল্পীদের পারিশ্রমিকও এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
বিশ্বব্যাপী মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা ‘জন নায়গন’। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ১০৭ থেকে ১১২ কোটি টাকা। আর শুধু ভারত থেকেই আয় হয়েছে প্রায় ৭০ কোটি টাকা।
ছবিটি পরিচালনা করেছেন এইচ. বিনোথ। আর এই সিনেমায় অভিনয়ের জন্য থালাপতি বিজয় প্রায় ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে দাবি করা হচ্ছে, যা ভারতীয় চলচ্চিত্রে সর্বোচ্চ পারিশ্রমিকের নতুন রেকর্ড হিসেবে আলোচনা তৈরি করেছে। যদিও এ বিষয়ে নির্মাতা বা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
ছবির সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর নাকি পেয়েছেন ১৫ কোটি টাকা। নায়িকা পূজা হেগড়ে নিয়েছেন ১০ কোটি, আর গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা ববি দেওলের পারিশ্রমিক প্রায় ১২ কোটি টাকা বলে জানা গেছে।
প্রায় ৫০০ কোটি টাকা বাজেটের এই রাজনৈতিক অ্যাকশন থ্রিলারকে বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে। কারণ, সিনেমা ছেড়ে এখন তিনি পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দিচ্ছেন।
এখন দেখার বিষয়, মুক্তির প্রথম দিনের এই দুর্দান্ত সূচনার পর ‘জন নায়গন’ শেষ পর্যন্ত বক্স অফিসে আর কত বড় সাফল্য পায়।

ডেস্ক রিপোর্ট 

























