ভারতে নিট (NEET) পরীক্ষা নিয়ে চলমান আন্দোলনের মধ্যে এবার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা অভিযোগ করেন, যন্তর মন্তরে বিক্ষোভের নির্ধারিত স্থান থাকা সত্ত্বেও রাহুল গান্ধী আন্দোলনকারীদের প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তার ভাষায়, এটি নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়।
কঙ্গনা বলেন, সরকার ইতোমধ্যে নিট পরীক্ষার অনিয়ম নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তাই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে—এমন দাবি যৌক্তিক নয়।
রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, তিনি শুধু রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য আন্দোলনকে ব্যবহার করছেন এবং নিজে প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যেই এসব দাবি তুলছেন।
নিট ইস্যুকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্যে ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়ছে।

ডেস্ক রিপোর্ট 

























