মাত্র তিন টাকায় কেনা একটি সাইকেল। পেরিয়ে গেছে প্রায় ৮০ বছর। তবুও এখনো সচল রয়েছে ইংল্যান্ডের ‘র্যালি’ ব্র্যান্ডের সেই পুরোনো সাইকেলটি। ঝিনাইদহের কালীগঞ্জের চাপালী গ্রামের ওয়াহেদ আলী শেখ এখনো ব্যবহার করছেন ঐতিহাসিক এই সাইকেল।
তিন প্রজন্ম ধরে পরিবারের সঙ্গে থাকা সাইকেলটি এখন শুধু একটি যানবাহন নয়; হয়ে উঠেছে স্মৃতি, আবেগ ও ভালোবাসার প্রতীক।
১৯৪৬ সালে যশোর শহর থেকে মাত্র তিন টাকা দিয়ে সাইকেলটি কিনেছিলেন ইউসুফ আলী শেখ। সে সময় তিনি তহশিল অফিসে চাকরি করতেন। কর্মস্থলে যাতায়াতের প্রধান বাহন ছিল এই সাইকেল।
ইউসুফ আলী ও পাচু শেখ ছিলেন দুই ভাই। পাচু শেখের ছেলে আনসার আলী ছিলেন ইউসুফ আলীর ভাতিজা। একসময় অসুস্থ হয়ে পড়ার পর ইউসুফ আলী তার প্রিয় ভাইঝি জাহারন নেছাকে সাইকেলটি উপহার দেন। তবে জাহারন নেছা সাইকেল চালাতে না পারায় তার ভাই আনসার আলী সেটি নিজের বাড়িতে নিয়ে আসেন।
পেশায় সাইকেল মিস্ত্রি আনসার আলী দীর্ঘদিন কালীগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় সাইকেল মেরামতের দোকান চালিয়েছেন। বাড়ি থেকে দোকানে যাতায়াতসহ নানা কাজে ব্যবহার করতেন এই সাইকেল। সামান্য ত্রুটি দেখা দিলেই নিজেই মেরামত করে নিতেন।
সময়ের সঙ্গে সাইকেলটির কিছু যন্ত্রাংশ পরিবর্তন করা হলেও এর মূল কাঠামো এখনো অনেকটাই আগের মতো রয়েছে।
আনসার আলী মারা যাওয়ার পর সাইকেলটি আসে তার বড় ছেলে ওয়াহেদ আলী শেখের হাতে। বাবার মতো সাইকেল মেরামতের কাজ না জানলেও তিনিও যত্ন নিয়ে এটি ব্যবহার করছেন। এখনো জরুরি প্রয়োজনে কিংবা কাছাকাছি কোথাও যেতে তার অন্যতম ভরসা এই পুরোনো সাইকেল।
ওয়াহেদ আলী বলেন, বাবার কাছ থেকেই তিনি সাইকেলটি পেয়েছেন। যত্ন করে ব্যবহার করছেন এবং আশা করছেন, আরও অনেক বছর এটি চালাতে পারবেন।
তার ভাই আবদুস সামাদ জানান, শুধু যাতায়াত নয়, বিভিন্ন পণ্য পরিবহনের কাজেও তাদের বাবা সাইকেলটি ব্যবহার করতেন। এমনকি প্রয়োজনের সময় এলাকার মানুষও তার কাছ থেকে সাইকেলটি ধার নিয়ে ব্যবহার করতেন।
স্থানীয় বাসিন্দা গোলাম সরোয়ার বলেন, ছোটবেলা থেকেই তিনি আনসার আলীকে এই সাইকেল চালিয়ে চলাফেরা করতে দেখেছেন। তার মতে, ভালোবাসা আর যত্ন থাকলে পুরোনো জিনিসও বছরের পর বছর টিকিয়ে রাখা সম্ভব।
প্রায় আট দশক পেরিয়ে গেলেও এখনো সচল এই সাইকেলটি তাই পরিবারের কাছে নিছক পুরোনো একটি বাহন নয়। এটি তিন প্রজন্মের স্মৃতি, পারিবারিক বন্ধন আর ভালোবাসার এক জীবন্ত নিদর্শন। আর স্থানীয়দের কাছেও তিন টাকায় কেনা এই সাইকেল এখন কৌতূহল ও বিস্ময়ের এক অনন্য উদাহরণ।

ডেস্ক রিপোর্ট 























