বাস শ্রমিকদের ওপর হামলা ও মারধরের বিচার এবং মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে ফের বাস ধর্মঘট ও সড়ক অবরোধ শুরু করেছেন বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালের শ্রমিকরা।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নথুল্লাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, সোমবার বাস ও থ্রি-হুইলার শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে প্রায় আড়াই ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পরে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
তবে মঙ্গলবার সকালে রহমতপুর এলাকায় আবারও থ্রি-হুইলার শ্রমিকরা দুটি বাসের চালককে মারধর করেছেন বলে অভিযোগ করেন বাস শ্রমিকরা। আহত চালকদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানিয়েছেন বাস শ্রমিকরা। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
হঠাৎ ধর্মঘট ও সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। দ্রুত আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

ডেস্ক রিপোর্ট 























