নীলফামারীর ডিমলা উপজেলায় গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিভিন্ন পর্যায়ের ৭ জন নেতা-কর্মী। শুক্রবার রাতে ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানিহাট বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজিত অনুষ্ঠানে তারা এ যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি ওয়াহেদুজ্জামান বাবুল, উপজেলা যুব বিভাগের সভাপতি আশরাফুজ্জামান সাজু, উপজেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।
মাওলানা আব্দুস সাত্তার বলেন, “জামায়াতে ইসলামীর দরজা দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা। এই যোগদানের মাধ্যমে ডিমলায় ইসলামী আন্দোলনের ভিত্তি আরও দৃঢ় হলো।”
নবযোগদানকারীদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলার সদ্য সাবেক সভাপতি রেজাউল করিম ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা। তাদের নেতৃত্বে আরও কয়েকজন নেতা-কর্মী জামায়াতে যোগ দেন।
যোগদানকারীরা জানান, ইসলামী আদর্শ ও দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন। অনুষ্ঠানে যোগদানকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে রেজাউল করিম বলেন, “জামায়াতের নীতি-নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই আমরা এ দলে যোগ দিলাম।”

