বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকারে এলে দেশে সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ ‘রেইনবো নেশন’ গড়ে তোলা হবে। তাদের সামাজিক-সাংস্কৃতিক অধিকার সুরক্ষায় ঢাকায় পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসবগুলো সরকারিভাবে পালনের উদ্যোগ নেওয়া হবে। এই পরিকল্পনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে।
গতকাল রাজধানীর বনানী বিদ্যানিতেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে গারোদের প্রধান সাংস্কৃতিক উৎসব ‘ওয়ানগালা’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সব ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষই সমান অধিকার সম্বলিত নাগরিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা দিয়ে সবাইকে এক পরিচয়ে যুক্ত করেছিলেন, যা পরবর্তীতে বেগম খালেদা জিয়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় পৃথক অধিদপ্তর ঘোষণার মাধ্যমে এগিয়ে নেন।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলে গারো সম্প্রদায়ের জীবনযাপন, সংস্কৃতি ও উৎপাদনশীলতা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে।

