আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জন্মস্থান চাঁদপুর-৫ অথবা রাজধানীর ঢাকা-১৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বিএমএ ভবনে একটি সেমিনার শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বড় রাজনৈতিক দলের প্রচারণা শক্তিশালী হলেও এনসিপি ইতোমধ্যে মাঠে নেমে কাজ শুরু করেছে এবং তফসিল ঘোষণার আগেই তারা ‘শেষ খেলা’ দেখাবে।

ছাত্র উপদেষ্টাদের অন্য দলে যাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার আগে যদি দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেন, তবে এনসিপি অবশ্যই তাদের দলে যোগ দিতে আমন্ত্রণ জানাবে।

এর আগে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত বর্তমান সংবিধানই অনুসরণ করতে হবে। সংবিধানের কিছু জটিলতার কারণেই মাজারে আক্রমণের মতো ঘটনা ঘটে। সকলের অধিকার নিশ্চিত করা এবং আধুনিক রাষ্ট্র গঠনে গণতান্ত্রিক চর্চার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।