বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত-নির্বিশেষে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, মতাদর্শ ভিন্ন হলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা জরুরি। আমাদের অনৈক্যের কারণে যদি ফের ফ্যাসিবাদের উত্থান ঘটে, তাহলে জাতির কাছে ক্ষমা করার সুযোগ থাকবে না।

শনিবার (২৫ অক্টোবর) দৈনিক নয়াদিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

তিনি আরও বলেন, “আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনরুত্থানের সব দরজা বন্ধ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন।”

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, “দুই-চার কলাম লেখার অপরাধে আমাকে সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে, আয়নাঘরে থাকতে হয়েছে, নির্যাতন সয়ে কারাগারেও কাটিয়েছি। কিন্তু কখনো সংগ্রামের পথ থেকে সরে দাঁড়াইনি।”

তিনি জানান, এক সময় তিনি এবং দেশ সম্পাদক মাহমুদুর রহমান পিজি হাসপাতালের প্রিজন সেলে একই ইউনিটে ছিলেন। তখন মাহমুদুর রহমান অনশন করছিলেন। বহু বোঝানোর পর ছয়-সাত দিন পর তিনি অনশন ভঙ্গ করেন বলে জানান সালাহউদ্দিন।

ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে তিনি বলেন, “অতীতের সেই রক্তঝরা সংগ্রামের ভিত্তিতেই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাই হতে হবে আমাদের প্রধান দায়িত্ব।”