নরসিংদীর পলাশে নিজ সংসদীয় আসনে সফর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বুধবার সফরের শুরুতে তিনি তার প্রয়াত পিতা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মোমেন খান এবং মা খোরশেদা বেগমের কবর জিয়ারত করেন। এসময় তিনি তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
পরে মন্ত্রী পলাশ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর শিক্ষা ছিল শান্তি, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা। বিভেদ ও বিদ্বেষ পরিহার করে মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ডেস্ক রিপোর্ট 


















