বগুড়ার শিবগঞ্জে জামায়াত-শিবির, আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা লীগের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টায় উপজেলার ময়দানহাট্টা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মিসভায় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
জানা যায়, জামায়াত নেতা জুয়েল রানা ও সাবেক শিবির নেতা রেদোয়ান আহম্মেদ বাবুর নেতৃত্বে প্রথমে শতাধিক জামায়াতের কর্মী বিএনপিতে যোগ দেন। পরে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহানা বেগম ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম মিয়ার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের আরও শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
নবাগতদের বরণ করে নিয়ে মীর শাহে আলম বলেন, “এটি শুধু যোগদান নয়, স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের প্রতীক। বিএনপি এখন জনগণের একমাত্র ভরসা, ধানের শীষই মুক্তির প্রতীক।” এ সময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সর্বাত্মক কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “এ আসনে শুধু জিতলেই হবে না; রেকর্ডসংখ্যক ভোটে জয় নিশ্চিত করে নেতা তারেক রহমানকে উপহার দিতে হবে। প্রতিটি কর্মীকে মানুষের দরজায় দরজায় পৌঁছাতে হবে।”
কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (অস্ট্রেলিয়া) রাশেদুল হক বলেন, “জিয়া পরিবার সব ক্রান্তিলগ্নে দেশের মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।” তিনি নির্বাচন বানচালের চেষ্টাকারীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, প্রবীণ নেতা আব্দুর রাজ্জাক, অধ্যাপক নজরুল ইসলাম ও মোস্তাফিজার রহমান রাজা।

ডেস্ক রিপোর্ট 

























