সুনামগঞ্জের জামালগঞ্জের সাচনা বাজারে বিএনপির সমাবেশে ব্যতিক্রমী আলোচনার সৃষ্টি করেছেন নূর কাসেম (৩৭) নামের এক সাধারণ কর্মী। সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুলের গলায় টাকার মালা পরিয়ে নির্বাচনী খরচের জন্য সরাসরি ১০ লাখ টাকার একটি চেক হাতে তুলে দেন তিনি।

ঘটনা ছড়িয়ে পড়তেই শুরু হয় তোলপাড়। খোঁজ নিয়ে জানা যায়—যে কর্মী ১০ লাখ টাকার চেক দিয়েছেন, তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র ৩ হাজার ৪১২ টাকা! কৃষক নূর কাসেমের ছোট্ট ইটের ব্যবসাও আছে, পরিবার-পরিজন নিয়ে হাওরপাড়ের মান্দিয়াতা গ্রামে বাস তার।

উচ্ছ্বসিত কণ্ঠে নূর কাসেম বলেন—
“মানুষ দেখে আবেগে গিয়া দিছি। কামরুল ভাই গরীবের লাগি কাজ করেন। টাকা নাই, কিন্তু যদি লাগে বাজারের ভিটা বিক্রি কইরা দিমু। রাজনীতি বুঝি না, মনের টানে দিছি।”

তবে আবেগের চেক নিতে অস্বীকৃতি জানান কামরুজ্জামান কামরুল। ভিডিও বার্তায় চেক ফেরত দেওয়ার ঘোষণা দিয়ে তিনি রবিবার তাহিরপুরের একতা বাজারে আনুষ্ঠানিকভাবে তা নূর কাসেমের হাতে ফিরিয়ে দেন। তার ভাষায়—
“মানুষের ভালোবাসাই আমার বড় প্রাপ্তি। আমি অর্থের জন্য রাজনীতি করি না।”

বিএনপির মাঠের সাধারণ কর্মীর এই আবেগ ও নেতার প্রতিক্রিয়া এখন সুনামগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দু।