জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “আমরা শাপলা চেয়েছি, শাপলা আমাদের দিতেই হবে। শাপলা প্রতীক আদায়ের পথ আমরা জানি। প্রয়োজনে আবার মাঠে নামবো।”
রোববার সন্ধ্যায় নরসিংদী জেলা এনসিপির আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সমালোচনা করে বলেন, মাঠে সংগঠন নেই, নেতাকর্মী নেই—এমন একটি দলকে নিবন্ধন দিয়ে কমিশন গ্রহণযোগ্যতা হারিয়েছে।
সারজিস আলম আরও বলেন, “বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্যই এনসিপির জন্ম। এনসিপি হয় সরকারে থাকবে, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা নেবে—কোনো পোষা দল হবে না।” জুলাই বিপ্লবকে তিনি দেশবাসীর ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে উল্লেখ করেন এবং সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার। তিনি বলেন, “লক্ষণ সেন যেমন পালিয়েছিল, শেখ হাসিনাও পালিয়েছে। ফ্যাসিস্টের দোসররা আপাকে ফেরানোর দিবাস্বপ্ন দেখছে।” জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এনসিপি কোনো স্বাক্ষর দেবে না বলেও তিনি জানান।
সভায় জেলা প্রধান সমন্বয়ক আওলাদ হোসেন জনির সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়, সাইফ ইবনে সারোয়ার প্রমুখ।

