ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় আজ ১০ বছরে পা দিয়েছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা জয়ের এই বিশেষ দিনটি ঘিরে উচ্ছ্বসিত রয়েছেন তার বাবা-মা দুজনেই। জন্মদিনে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা লিখেছেন তারা।
ছেলে জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, বাবা। সব সময় আকাশছোঁয়া স্বপ্ন দেখো, তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও—এই কামনাই করি।’
অন্যদিকে, ছেলের সঙ্গে কেক কাটার একটি সুন্দর ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। মনের জমে থাকা অনুভূতি প্রকাশ করে তিনি জয়কে জীবনের সবচেয়ে সুন্দর উপহার হিসেবে উল্লেখ করেছেন। ছেলের হাসিতেই তার পৃথিবী আলোকিত হয় জানিয়ে এই অভিনেত্রী জন্মদিনে জয়ের জন্য সকলের কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।
তারকা দম্পতির এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। এর আগেও জয়ের জন্মদিনে যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরির ভিডিও ও আবেগঘন বার্তা প্রকাশ করেছিলেন শাকিব খান।
উল্লেখ্য, ২০০৮ সালে গোপনে বিয়ে করা এই জুটির বিয়ে ও সন্তান জয়ের খবর ২০১৭ সালে প্রকাশ্যে আসার পর ২০১৮ সালে তাঁদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। তবে একমাত্র সন্তানকে কেন্দ্র করে তাদের পারিবারিক বিভিন্ন মুহূর্ত প্রায়ই ভক্তদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

ডেস্ক রিপোর্ট 


















