ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও দেশের অনেক প্রকৌশলী চাকরি পাচ্ছেন না—এমন দাবি তুলে বিদেশি নাগরিকদের ব্যাপক নিয়োগের সমালোচনা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, বাংলাদেশে অন্তত ১২ লাখ বিদেশি নাগরিক চাকরি করছেন, যাদের অধিকাংশই ভারত ও চীনের। পদ্মাসেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু টানেল প্রকল্পে দেশের প্রকৌশলীদের সুযোগ না দিয়ে শতশত বিদেশি ইঞ্জিনিয়ার আনা হয়েছে।
সোমবার দুপুরে কুড়িগ্রাম টাউনহল সুপার মার্কেট কনফারেন্স রুমে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পূর্ববর্তী সরকারের দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। মেট্রোরেলের বাজেট এশিয়ার যেকোনো দেশের চেয়ে বেশি ছিল দাবি করে তিনি অভিযোগ করেন, ভারতেও একই ধরনের প্রকল্পে বাংলাদেশ থেকে পাঁচ গুণ কম খরচ হয়েছে—তারপরও যান্ত্রিক ত্রুটিতে মানুষের মৃত্যু ঘটেছে।
শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে তিনি ছাত্রশিবিরকে ‘রগকাটা’ অভিযোগের সঙ্গে যুক্ত করার বিষয়টি ‘পরিকল্পিত অপপ্রচার’ বলে দাবি করেন। প্রথম আলো ও ডেইলি স্টারের নাম উল্লেখ করে তিনি বলেন, ২০১৩ সালে শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা প্রচার চালানো হয়েছিল, অথচ কোনও সুনির্দিষ্ট প্রমাণ বা গ্রেপ্তার দেখানো যায়নি।
তিনি অভিযোগ করেন, ইসলামী ছাত্রশিবিরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে এই ন্যারেটিভ দাঁড় করানো হয়েছিল। শিক্ষার্থীদেরকে সে ধরনের চক্রান্তে প্রভাবিত না হওয়ার আহ্বান জানান তিনি।
শিবির সেক্রেটারি আরও বলেন, আল কোরআনের আলোকে জীবনের উদ্দেশ্য ও দায়িত্ব সম্পর্কে জানা জরুরি। সার্বভৌম বাংলাদেশ গঠনে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতেই তাদের কাজ চলমান বলে জানান তিনি।
অনুষ্ঠানে জেলা জামায়াতের সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা ছাত্রশিবির সভাপতি মোশাররফ হোসেন, সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন, পলিটেকনিক শাখা সভাপতি মোস্তাক তাহমিদ মুঈনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

