প্রকাশিত হয়েছে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসি এবার মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে বিভিন্ন পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে।
রোববার বিকেলে প্রকাশিত ফলাফলে পিএসসি জানায়, সুপারিশপ্রাপ্তদের মধ্যে ক্যাডার পদে রয়েছেন ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে রয়েছেন ২০১ জন।
এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষার মাত্র ৯ দিনের মধ্যেই ফল প্রকাশ করে রেকর্ড গড়েছিল পিএসসি।
পরবর্তীতে ২০২৫ সালের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি বছরের ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। এরপর মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ১ হাজার ৫২১ জনকে বিভিন্ন পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
পিএসসির তথ্য অনুযায়ী, ৪৭তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জন নিয়োগের সুযোগ রয়েছে। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর ফল প্রকাশের মাধ্যমে ৪৭তম বিসিএসের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। এখন সুপারিশপ্রাপ্তদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডেস্ক রিপোর্ট 

























