এবার রংপুরের পীরগাছায় শাশুড়ির সামনে চড় মারায় ক্ষিপ্ত হয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যার ২ দিন পর অভিযুক্ত যুবক হাসানুর রহমান (২২) থানায় এসে আত্মসমর্পণ করেছেন।
গত রবিবার সন্ধ্যায় তিনি নিজেই পীরগাছা থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দেন। নিহত ব্যক্তি উপজেলার চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মাহাবুর রহমান (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে হাসানুরের শ্বশুরবাড়ির লোকজন বেড়াতে আসলে তিনি তাঁদের প্রতি কোনো সৌজন্যতা দেখাননি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর বাবা শাশুড়ির সামনেই হাসানুরকে একটি থাপ্পড় মারেন।
এই অপমান সহ্য করতে না পেরে হাসানুর ঘর থেকে চাকু এনে বাবার বুকে আঘাত করেন, যার ফলে হাসপাতালে নেওয়ার পথেই বাবার মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক থাকার পর অবশেষে রবিবার রাতে তিনি আত্মসমর্পণ করেন। স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবক মাদকাসক্ত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 























